Most Recent Post
Home / জাতীয় / দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি জানান, ‘বৈঠকে বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহনে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। তিনি দেশী-বিদেশী শিক্ষকদের সমন্বয়ে দেশের ভাষা শিক্ষা কেন্দ্র খুলতে বলেছেন। যাতে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকুরির সুযোগ পায়।’

দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে কিভাবে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি করা যায় এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ উধর্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয় সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণ করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।

ঢাকা হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও সিলেটে এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অন্যান্য উন্নত দেশের বিমান বন্দরের মতো ফ্রি ওয়াইফাই চালু করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান অতিরিক্তি প্রেস সচিব।

‘ঢাকা-১৭ আসনে ভঙ্গুর মন্দির সংস্কার’

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ নির্বাচনী আসনে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলেও জানান অতিরিক্তি প্রেস সচিব।

তিনি জানান নির্বাচনের প্রচারণার সময়ে ঢাকা-১৭ আসনে মহাখালী ক্যান্সার হাসপাতালে কাছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই মন্দিরের সংস্কার কাজ আগামী শনিবার শুরু করতে বলেছেন তিনি।

আগামী শনিবার সকাল ১১টায় ঢাকার দুই সিটির প্রশাসক যথাক্রমে আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এতে উপস্থিত থাকবেন।

About bdpratinioto

Check Also

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আলোকে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংসদে সংশোধনের তাগিদ দিয়েছেন সুজন সম্পাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *