নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি সাঁওতাল পল্লীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে শুকর বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা গ্রামে ২০টি সাঁওতাল পরিবারের মাঝে এসব শুকর বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বন-এর আয়োজনে এবং ঢাকার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিডাব্লিউসিসিআই)-এর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিল, প্রমোটিং আর্টিশনাল ডাইভারসিটি অ্যান্ড এনহ্যান্সিং লাইভলিহুড’ প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে এ সহায়তা প্রদান করা হয়।
শুকর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রজেক্ট অফিসার রেশমা পারভিন, সংস্থার কর্মী মৌসুমী আক্তার, শিক্ষক আহাদুজ্জামান রিমু, আদিবাসী নেত্রী সাবিনা টুডু, ললিতা মুর্মু ও অঞ্জনা সরেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাঁওতাল জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ হচ্ছে ভূমি বেদখল, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, বনভূমি ধ্বংস, শিক্ষা ও উদ্যোক্তা বিকাশে পিছিয়ে থাকা। এছাড়া মহাজনদের ঋণের বোঝা, ভূমিহীনতা, চিকিৎসা ও শিক্ষায় অনগ্রসরতা এবং পরিবর্তিত জীবনধারার সঙ্গে খাপ খাওয়াতে না পারার কারণে তারা দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও প্রান্তিকতার শিকার হয়ে আসছেন।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, শুকর পালনের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
Bangladesh Pratinioto news site