খেলা ডেস্ক, বাংলাদেশ প্রতিনিয়ত: ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সুখবর পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটারদের র্যাংকিংয়ে তার উন্নতি হয়েছে চারধাপ।
এছাড়া ভারতকে প্রথম ওয়ানডেতে হারানোর নায়ক মারুফা আক্তার বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। ৩৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন।
মঙ্গলবার আইসিসি নারী ক্রিকেট দলের ও খেলোয়াড়দের র্যাংকিং প্রকাশ করেছে।
রোববার আইসিসি ওমেন্স সুপার লিগের ম্যাচে ৪০ রানে জয় পায় বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতকে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক জ্যোতি। তাতে র্যাংকিংয়ে চারধাপ এগিয়ে ৩১তম স্থানে এসেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন জ্যোতি। একধাপ এগিয়ে ফারজানা হক আছেন ৩০তম স্থানে।
বল হাতে সেই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন মারুফা। বাংলাদেশের পেস আক্রমণকে বদলে দেওয়া এই বোলার প্রথমবার সেরা একশতে জায়গা পেয়েছেন। ৩৩ ধাপ এগিয়েছেন মারুফা। এছাড়া সুলতানা খাতুন ২৫ ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন।
বোলিংয়ে এখনো বাংলাদেশের সেরা অবস্থানে আছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। ২১তম স্থানে রয়েছেন তিনি। ছয় ধাপ এগিয়ে নাহিদার অবস্থান ২৪তম স্থানে। এছাড়া দল থেকে বাদ পড়া রুমানা ও জাহানার তিন ধাপ করে পিছিয়েছেন।
Bangladesh Pratinioto news site