বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: রাজধানীতে বেদখল হওয়া প্রায় শত কোটি টাকা দামের ২০ কাঠা খাস জমি উদ্ধার করে সেখানে রমনা রাজস্ব সার্কেল অফিস ও ঢাকা কালেক্টর অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ঢাকা জেলা প্রশাসন।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর তোপখানা রোডে রমনা রাজস্ব সার্কেল অফিস ও ঢাকা কালেক্টর অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এর ফলে শত বছর ধরে বেদখলে থাকা সরকারি জমিতে সরকারের একটি দপ্তরের নিজস্ব ঠিকানা হলো। ঢাকা মহানগরীতে জনগণকে ভূমিসেবা দিতে ওই স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন অনেকে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, সমাজের একটি গোষ্ঠীর লক্ষ্যই থাকে সরকারের সম্পদ বেআইনিভাবে দখল করে অবৈধ উপার্জন করা। সরকারের বিপুল পরিমাণ সম্পদ দেখাশোনার জন্য জনবল সঙ্কটসহ বেশকিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ঢাকা জেলা প্রশাসন প্রতিনিয়ত খাস জমি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার করছে। এগুলো উদ্ধারের পাশাপাশি যথোপযুক্ত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে, যাতে পুনরায় বেহাত হওয়ার আশঙ্কা না থাকে। এরই ধারাবাহিকতায় রমনা ভূমি অফিসটি এ প্রাঙ্গণে স্থানান্তর করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ঢাকার উপপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম, ঢাকার ডেপুটি রাজস্ব কালেক্টর মামনুন আহমেদ অনীক, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
Bangladesh Pratinioto news site