মোঃ জমির আলী: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া থানাধীন চৌদ্দ কাউনিয়া লঞ্চঘাটের পশ্চিম পাশের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস দমন, চাঁদাবাজি প্রতিরোধ, জঙ্গিবাদ নির্মূল, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িত আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে বাহিনীটি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া থানাধীন মেঘনা নদী সংলগ্ন চৌদ্দ কাউনিয়া লঞ্চঘাট এলাকার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঝোপঝাড়ের মধ্যে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে টহল দলটি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে একটি শটগান ও ১১ রাউন্ড গুলি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Bangladesh Pratinioto news site