নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহিরের পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
আইজিপি জানান, ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে সারা দেশের সব পুলিশ ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মাঠে তৎপর রয়েছে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তারা কঠোর অবস্থানে থাকবে।
প্রতিবছর ঈদে সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা নিরসনে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আইজিপি। তিনি উল্লেখ করেন, যাত্রী হয়রানি বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ে সমন্বয় সভা করা হয়েছে।
পুলিশের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা তদারকি করা হচ্ছে। এ ছাড়া সড়কের যেসব মোড়ে বা বাজার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়, সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিদের সহযোগিতায় যানজট নিরসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
টার্মিনাল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আইজিপি বলেন, যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। মাদকসেবী, ছিনতাইকারী বা অজ্ঞান পার্টির হাত থেকে যাত্রীদের রক্ষা করা পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য।
ঢাকার ভেতরে থাকা অবৈধ দূরপাল্লার বাস কাউন্টারগুলোর বিষয়ে তিনি সাফ জানিয়ে দেন যে, শহরের ভেতরে কোনো কাউন্টার থাকতে পারবে না এবং আইনের মাধ্যমে দ্রুত এসব সরিয়ে নেওয়া হবে। চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলা এবং সাধারণ কাণ্ডজ্ঞান প্রয়োগ করে গাড়ি চালানোর জন্য তিনি আহ্বান জানান।
টিকিটের বাড়তি মূল্য আদায়ের অভিযোগের বিষয়ে আইজিপি সাধারণ নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আইন জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কেউ যদি আইন না জানার অজুহাত দিয়ে অভিযোগ থেকে বিরত থাকেন, তবে তা গ্রহণযোগ্য হবে না।
অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ সদা প্রস্তুত রয়েছে। পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ প্রধানের এই সফর ও কঠোর নির্দেশনা ঘরমুখো মানুষের মনে স্বস্তি ফেরাবে বলে আশা করা হচ্ছে।
Bangladesh Pratinioto news site