Most Recent Post
Home / Uncategorized / কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দর-সংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষ পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হয়ে তাঁদের দাবি তুলে ধরেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ভূমির মালিকানা, কর আদায় এবং স্থানীয়দের চলাচলের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ চলছে। একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও এখনো কার্যকর কোনো অগ্রগতি হয়নি।

কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা কাজী মিরাজ বলেন, তাঁদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি থেকে স্থানীয়দের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে চলাচলের পথও সংকুচিত বা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি এ সমস্যার দ্রুত ও ন্যায়সংগত সমাধানের দাবি জানান।

আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে তাঁদের পরিবার ও এলাকার মানুষ এসব জমির মালিকানা ভোগ করে আসছেন। তাই ভূমিসংক্রান্ত বিষয়গুলোতে স্থানীয় জনগণের স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে হবে।

নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ১৩ গ্রামের মানুষ নানা ধরনের ভূমিসংক্রান্ত জটিলতার মধ্যে বসবাস করছেন। আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনকারীরা জানান, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি এবং স্থানীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকদের ভোগান্তিতে পড়তে হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।মানববন্ধনে জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ গ্রামের কয়েক হাজার বাসিন্দা অংশ নেন।

About bdpratinioto

Check Also

যশোরের শার্শা ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

মো,মনির হোসেন যশোর প্রতিনিধি : যশোরের শার্শা ও বেনাপোলে মশক নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *