Most Recent Post
Home / সারাদেশ / চুনারুঘাটে মোবাইল চুরির দায়ে দুই কিশোরকে গাছে বেঁধে বে-ধড়ক মারধরের অভিযোগ

চুনারুঘাটে মোবাইল চুরির দায়ে দুই কিশোরকে গাছে বেঁধে বে-ধড়ক মারধরের অভিযোগ

সেলিম মাহবুব:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোবাইল চুরির দায়ে দুই কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, ডুলনা গ্রামের সানু মিয়ার ছেলে শামীম (১২) এবং আহমদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মঈন উদ্দিন (১৬) একটি জমিতে মাছ ধরতে যায়।

এ সময় ডুলনা গ্রামের দুপরাজ মিয়ার ছেলে রুবেল মিয়া ও ছয়শ্রী গ্রামের রইছ আলীর ছেলে হাছন আলী তাদের ডেকে নেয়। পরে একটি বাটন মোবাইল ফোন চুরির সন্দেহে দুই কিশোরকে দড়ি দিয়ে গাছে বেঁধে রাখা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এরপর স্থানীয় আরও কয়েকজনকে জড়ো করে দুই কিশোরের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। মারধরের একপর্যায়ে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরে তারা হাত-পা ধরে ক্ষমা চাইলে ছাড়া পায়। বুধবার সকালে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনসমক্ষে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং ঘটনাটি পুলিশের নজরে আসে।

মঈন উদ্দিনের মা খুর্শেদা আক্তার বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। মারধরের সময় আমার ছেলেকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার বিচার চেয়ে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাটি তদন্ত করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

About bdpratinioto

Check Also

ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাফর ইকবাল

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: আগামী ২৭ জুন ২০২৬ , রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *