নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে জোরদার অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি, মাদক ও বিভিন্ন মামলায় জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল (দৈর্ঘ্য ১৬ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি), একটি বিশেষভাবে বাঁকানো অগ্রভাগযুক্ত লোহার সাবল (দৈর্ঘ্য প্রায় সাড়ে ২৯ ইঞ্চি), একটি ২১ ইঞ্চি দৈর্ঘ্যের সাদা রঙের এসএস পাইপ এবং একটি লোহার তৈরি চাপাতি (দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ প্রায় সাড়ে ২ ইঞ্চি) উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৫১(০২)২৬ দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— অপূর্ব (২৪), মো. আক্তার হোসেন (৩৭), মো. হাবিব মিয়া (৩০) ও আ. আউয়াল (৩৫)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ, নরসিংদী ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
অন্যদিকে, পৃথক মাদকবিরোধী অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৫২(০২)২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এছাড়া চুরির মামলায় তিনজন এবং একটি সিআর ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট ৯ জনকে আইনের আওতায় আনা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতি, মাদক ও চুরি—যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ জানায়, পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Bangladesh Pratinioto news site