নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনার পর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— জীবন (৩৪), মো. আলম (৩০), মো. সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। বিষয়টি পুলিশের নজরে আসার পর তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে বিশেষ অভিযান শুরু করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এছাড়া মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, শিমরাইল- ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Bangladesh Pratinioto news site