জেলা প্রশাসক দুর্ঘটনায় পা হারানো হৃদয়’কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন
Posted By :
bdpratinioto
জুন ২৫, ২০২৬
সারাদেশ, সিলেট বিভাগ
9 Views
সেলিম মাহবুব:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধলাইপাড় গ্রামের বাসিন্দা হৃদয় মিয়া সড়ক দুর্ঘটনায় একটি পা হারানোর পর তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ৭৫ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৪ জুন) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ হৃদয় মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে চুনারুঘাটের উত্তর বাজার এলাকায় একটি থ্রি-হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন হৃদয় মিয়া। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন করতে হয়।
পরে দীর্ঘদিন চিকিৎসার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তার চিকিৎসা ব্যয় এবং কৃত্রিম পা সংযোজনের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, অসহায়, দুর্ঘটনাগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও চিকিৎসা সহায়তায় সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।
অনুদান পেয়ে হৃদয় মিয়া জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারকে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়েছে। জেলা প্রশাসনের এই সহায়তা তার চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৬-০৬-২৫