বিশ্বের রাজনৈতিক ইতিহাসের বর্বরতম ও নৃশংস কালো অধ্যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তরা ইতিহাসের নিকৃষ্টতম খলনায়ক।
রোববার (১৫ আগস্ট) দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শ্রমিক লীগ বঙ্গবন্ধুর একটি প্রাণপ্রিয় সংগঠন। ৬ দফা আন্দোলনে মনু মিয়া রক্ত দিয়েছেন। এ রক্তধারা থেকেই শ্রমিক লীগ শ্রমজীবী মানুষের মুক্তির বার্তা বয়ে এনেছে।
তিনি বলেন, আজ যারা শ্রমিক লীগের নেতৃত্বে আছেন তাদের একটি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতে হবে। যদিওবা একটি পুঁজিবাদী ব্যবস্থাপনায় শ্রমিক সমাজের সংকট আছে। এ সংকট মোকাবেলায় চরমপন্থা নয়, বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সমাজবাদ আমাদের সামগ্রিক মুক্তির ঠিকানা। সিবিএ, নন সিবিএ যারা এখানে সমবেত হয়েছেন তাদের কোনো বিভাজন নয় নেত্রীর কাছে পৌঁছে দিতে হবে ঐক্যের বার্তা।
শিক্ষা উপমন্ত্রী বলেন, আমার বাবা (এবিএম মহিউদ্দিন চৌধুরী) আমৃত্যু শ্রমিকদের জন্য নিবেদিত ছিলেন। মহানগর জাতীয় শ্রমিক লীগ তারই হাতে গড়া। যাদের নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী। তিনি আজ আমাদের মধ্যে নেই। কিন্তু আপনারা যারা তার সতীর্থ আছেন তাদের একটি কথা বলতে চাই- শ্রমিক সাম্যের মন্ত্রে এবং সুষম বণ্টনে লড়াই করুন। এই লড়াই ধ্বংসাত্মক নয়, সৃষ্টি সুখের উল্লাসে।
তিনি বলেন, শ্রমিক লীগের অর্ন্তভুক্ত সিবিএ নন সিবিএ নেতাদের শ্রমিকস্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যেখানে সমস্যা থাকে তা যদি সমাধান করতে না পারা যায় তাহলে নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন উঠতে পারে। সিবিএ নন সিবিএ নেতারা স্বচ্ছতাকে এবং শ্রমিক শ্রেণির মঙ্গলে নিবেদিত হতে হবে। যদি তারা ব্যর্থ হন কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Bangladesh Pratinioto news site