Most Recent Post
Home / জাতীয় / বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ঢাকা অফিস:

বড়দিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, বড়দিন খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উপলক্ষে তিনি বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের প্রত্যেকের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী মহান যীশু খ্রিষ্ট এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। যীশু খ্রিষ্ট মানুষে মানুষে সম্প্রীতি ও মানবকল্যাণের মহাবার্তা নিয়ে এসেছিলেন। সব ধর্মের মূল শিক্ষাই হলো মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করতে হবে।

তারেক রহমান আরও বলেন, বিশ্বের একটি বড় জনগোষ্ঠী যীশু খ্রিষ্টের ধর্ম ও দর্শনের অনুসারী। যুগে যুগে মহামানবগণ নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার পথ দেখিয়েছেন। যীশু খ্রিষ্টও তাঁর অনুসারীদের মানবপ্রেম, ন্যায় ও কল্যাণের পথে উদ্বুদ্ধ করেছেন।

তিনি উল্লেখ করেন, শুভ বড়দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। যীশু খ্রিষ্ট মানুষকে ভালোবাসা, সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, হিংসা-বিদ্বেষ ও আক্রোশ পরিহার করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা করতে হবে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সবশেষে বড়দিন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ রিপোর্টার্স প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *