শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারস বোঝাই একটি মিনি ট্রাকের দুর্ঘটনায় চালকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) রাত আনুমানিক আড়াইটার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনের টিপরদী এলাকার চৈতী গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে ট্রাকচালক মোহাম্মদ আলী (৩৬) এবং খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে আনারস বোঝাই মিনি ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে টিপরদী এলাকায় পৌঁছালে ট্রাকটি সামনে থাকা অজ্ঞাত একটি যানবাহনকে পেছন থেকে জোরালোভাবে ধাক্কা দেয়। এতে ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক ও সঙ্গে থাকা ফল ব্যবসায়ী প্রাণ হারান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, চলন্ত অবস্থায় একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দেওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং তাদের স্বজনরা সেখানে উপস্থিত রয়েছেন।
Bangladesh Pratinioto news site