Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ আটক ১

ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব ও ডিবির ভুয়া পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও প্রতারণার অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে ‘সোর্স বাবু’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেনগান, দুই রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সজীব ভূঁইয়া জালকুড়ি এলাকার দুলাল ভূঁইয়ার ছেলে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সজীব ভূঁইয়া দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় নিজেকে কখনো র‌্যাব বা পুলিশের সোর্স, আবার কখনো ডিবি বা র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। তার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল। এ চক্রটি ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে অর্থ আদায় করত। টাকা না দিলে র‌্যাব বা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারের হুমকি দেওয়া হতো।

এছাড়া, বিভিন্ন র‌্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
র‌্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার স্লোগান ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে কাজ করে যাচ্ছে সংস্থাটি। ধারাবাহিক গোয়েন্দা নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ডাকাতির প্রস্তুতি, মাদকসহ ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে জোরদার অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি, মাদক ও বিভিন্ন মামলায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *