শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগং রোড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের দক্ষিণ পাশে কয়েকশ ফুট এলাকাজুড়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টি আই জুলহাস উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে বসানো বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এ সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট দখলদারদের সতর্ক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের একাংশ দখল করে দোকান বসানোর কারণে এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, মহাসড়কে অবৈধ স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দখলমুক্ত পরিবেশ বজায় রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টি আই জুলহাস উদ্দিন বলেন,মহাসড়ক জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। কিছু ব্যক্তি ফুটপাত ও সড়কের অংশ দখল করে অবৈধভাবে দোকান বসানোর ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মহাসড়ক দখলের কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Bangladesh Pratinioto news site