ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে কুতুবদিয়া থানাধীন বড়ঘোপ ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা ও নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. সাইফুল ইসলাম (পিতা: আব্দুর শুক্কুর)। তার বাড়ি কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিলাইচন্ডি গ্রামে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল ও নগদ অর্থসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Bangladesh Pratinioto news site