শেখ নিয়াজ মোহম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আঁটি ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় মোঃ আল আমিন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত আল আমিন নেত্রকোনা জেলার খানিয়াজুরী এলাকার মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে। তিনি প্রায় ১৫-১৬ বছর ধরে বউবাজার এলাকায় বসবাস করে আসছিলেন। বর্তমানে তিনি পরিবারসহ স্থানীয় বাসিন্দা আব্দুল হাই মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে এক ব্যক্তি আল আমিনকে তার নিজ অফিস কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন সাহা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।
Bangladesh Pratinioto news site