শেখ নিয়াজ মোহাম্মদ;নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বুধবার (১৩ মে ২০২৬) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকার অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন থেকে মোঃ সজিব হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সজিব হোসেন পটুয়াখালী জেলার বাউফল থানার কালিশরী ইউনিয়নের কবিরকাঠি এলাকার নাছির মোল্লার ছেলে।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের সহযোগিতায় একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Bangladesh Pratinioto news site