শেখ নিয়াজ মোহাম্মদ;নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ ডাকাতি প্রস্তুতি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গত ১৫ মে ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ৮ জন, ডাকাতি প্রস্তুতি মামলার ২ জন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও ২ জন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন— মোহাম্মদ আব্দুল গফ্ফার, বলরাম সরকার, শাহ আলম রানা, জসিম উদ্দিন, হাবিবুর রহমান ওরফে হাবিব, আরাফাত হোসেন, জুনায়েদ ইসলাম, সৈয়দ নাজমুল ইসলাম, রায়হান উদ্দিন ওরফে সুমন, আলামিন হোসেন, মেহেদী হাসান রোমান ওরফে বিজয় এবং আবুল কালাম।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি, মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। পরে গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Bangladesh Pratinioto news site