Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও ডিজিটাল শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’ এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার ২৩ মে, ২০২৬ নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার এবং ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও মাসিককালীন ব্যবস্থাপনায় সহায়ক হবে। কালার কোডেড বিনের মাধ্যমে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে উঠবে।

তিনি আরও বলেন, “টেকসই পানির বোতল ও সুইস পানি ফিল্টার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাবে। ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড কাগজবিহীন স্মার্ট শ্রেণিকক্ষ গড়তে ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রেণিকক্ষ থেকেই সচেতনতা শুরু করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস গড়তে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়েছি। প্রথম ধাপে সদর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এসব উপকরণ দেওয়া হলো। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হলে পরিবার ও সমাজও সচেতন হবে।

অনুষ্ঠানে শিক্ষকেরা জানান, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে ছাত্রীদের উপস্থিতির হার বাড়বে। ডিজিটাল হোয়াইট বোর্ড পাঠদানকে আরও আকর্ষণীয় করবে। সুইস পানি ফিল্টারের মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত হবে।

উপজেলা প্রশাসন জানায়, এই কর্মসূচির আওতায় শিক্ষকদের জন্য জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে উপকরণগুলো তুলে দেন।

About bdpratinioto

Check Also

ফতুল্লায় অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *