মো. মেহেদী হাসান, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বানমারি মাঠ সংলগ্ন একটি মাদ্রাসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামে এক শিক্ষককে আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শিমুলতাইর গ্রামের বানমারি মাঠ এলাকায় অবস্থিত জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন।
প্রত্যক্ষদর্শী মাহাবুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীকে জোরপূর্বক কক্ষে আটকে রেখে অনৈতিক আচরণের চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম প্রায় এক মাস আগে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটক করে রেখেছিল। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
Bangladesh Pratinioto news site