টেকনাফের শীলখালী চেকপোস্টে ৮ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক
Posted By :
bdpratinioto
জুন ১৩, ২০২৬
সারাদেশ
5 Views
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:
টেকনাফের শীলখালী চেকপোস্টে বিজিবির বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা নারকোটিক্স ডগ ‘হেক্টর’-এর সহায়তায় তল্লাশি চালান। একপর্যায়ে গাড়িটির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মো. ইউনুছ (৪৫) এবং ছোট হাবিবপাড়া এলাকার মো. সালামত উল্লাহকে (২৬) আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ অর্থ ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদকের সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২০২৬-০৬-১৩