কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৭
Posted By :
bdpratinioto
জুন ২৫, ২০২৬
কুমিল্লা বিভাগ, সারাদেশ
7 Views
সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, নিয়মিত অস্ত্র মামলার তিন এজাহারনামীয় আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার এক সন্দেহভাজন আসামি এবং দুই পরোয়ানাভুক্ত আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় গত ২৪ ও ২৫ জুন বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে উপ-পরিদর্শক (এসআই) মধুসূদন মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস হাওলাদার (৩৫)-কে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এদিকে, একই দিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপ-পরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন পেন্নাই এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত অস্ত্র মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন— মিজানুর রহমান (৩২), মো. মামুন (৩৪) এবং মো. জাহিদ (২৪)। তাদের কাছ থেকে একটি কিরিচ, একটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অন্যদিকে, বৃহস্পতিবার ২৫ জুন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মো. কামরুল হাসান (২২)-কে বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা হিসেবে শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ।
একই রাতে পৃথক অভিযানে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দক্ষিণ পেন্নাই এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মুর্শিদ মিয়া প্রকাশ মোরশেদ (৪০) এবং মো. মামুন (৩৪)-কে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২০২৬-০৬-২৫