টেকনাফে যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
Posted By :
bdpratinioto
জুন ২৫, ২০২৬
সারাদেশ
12 Views
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে বিজিবি, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে মায়ানমার থেকে পাচার হয়ে আসা এবং থাইল্যান্ডে তৈরি প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টেকনাফ সদর লামার বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৪ লাখ ৯৮ হাজার ৭৫০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, দীর্ঘ প্রায় দুই মাস ধরে অবৈধ কারেন্ট জাল মজুদ ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তৎপরতা নজরদারিতে রাখা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ কারেন্ট জাল টেকনাফ বাজারের কয়েকটি গুদামে গোপনে সংরক্ষণ করা হয়েছে।
পরে বিজিবির গোয়েন্দা সদস্যরা তথ্যের সত্যতা নিশ্চিত করলে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় বিজিবি, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দল সকাল ৮টা ২০ মিনিটের দিকে লামার বাজার এলাকার চারটি গুদামে একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।
বিজিবি জানায়, কারেন্ট জালের অবাধ ব্যবহার দেশের মৎস্যসম্পদ, বিশেষ করে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত কারেন্ট জাল আইনানুগ প্রক্রিয়া শেষে সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী, বিজিবি, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের প্রতিনিধিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০২৬-০৬-২৫