জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে উখিয়ায় বিজিবি’র হাতে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
Posted By :
bdpratinioto
জুন ৩০, ২০২৬
সারাদেশ
105 Views
মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ:
কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক। আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার নলবনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে মো. রাশেদুল (২৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এবং বিওপি থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দক্ষিণে নলবনিয়া এলাকায় অবস্থান নেয়।
বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে মিয়ানমারের দিক থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে নলবনিয়ার দিকে আসতে দেখে সন্দেহ হয় টহল দলের। তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে রাশেদুলকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কোমরে বাঁধা অবস্থায় এবং হাতে থাকা মাছ বহনের টুকরির ভেতর থেকে খাকি রঙের প্যাকেটের মধ্যে রাখা নীল রঙের বায়ুরোধী ছয়টি কার্টনে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাশেদুল স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি আরও জানান, বিজিবির নজর এড়িয়ে তিনি ও তার সহযোগীরা প্রায়ই জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত পেরিয়ে এনে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২০২৬-০৬-৩০