স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১০৪ জন ঢাকার এবং ৪১ জন ঢাকার বাইরের।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকাতেই ১ হাজার ১১ জন। বাকি ৩৯৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৭৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৫৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৯৫ জন।
অপরদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ২৯৭ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৯১১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৮৬ জন।
কেবল জুন মাসের ২৭ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জুন মাসের ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হলো।
Bangladesh Pratinioto news site