Most Recent Post
Home / খেলাধুলা / সহিংসতা সত্ত্বেও মেক্সিকোতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী ফিফা প্রধান

সহিংসতা সত্ত্বেও মেক্সিকোতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী ফিফা প্রধান

স্পোর্টস ডেস্ক: ড্রাগ কার্টেল নেতার মৃত্যুকে কেন্দ্র করে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়লেও দেশটিতে বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়ে নিজের পূর্ণ আস্থার কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেক্সিকোর পরিস্থিতি নিয়ে তিনি ‘অত্যন্ত আশ্বস্ত’।

কলম্বিয়াার বাররানকিয়া শহরে তিনি বলেন, “আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।”

দুই দিন আগে সেনাবাহিনীর হাতে মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে “এল মেনচো” নিহত হওয়ার পর কার্টেল চক্রের সদস্যরা তান্ডব চালায়, যার প্রভাব পড়ে মেক্সিকো বিশ্বকাপের স্বাগতিক শহর গুয়াডালাজারাতে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো একটি, অন্য দুটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা।

শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর নেতা নিহত হওয়ার পর সারা দেশ, বিশেষ করে গুয়াডালাজারা সহিংসতায় কেঁপে ওঠে। শহরের কাছে একটি খামারে তাকে ধরার অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন।

কার্টেলের বন্দুকধারীরা দেশের ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এই অরাজকতা ও সহিংসতার ছবি বিশ্বজুড়ে প্রচারিত হয়। এ নিয়ে সোমবার ফিফা মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

ইনফান্তিনো কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে এএফপির সঙ্গে কথা বলেন।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের জন্য “কোনো ঝুঁকি নেই” বলে আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা জানান।

জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় বিশ্বকাপের গ্রুপ পর্বেও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডের বহুল প্রতীক্ষিত উরুগুয়ে বনাম স্পেনের ম্যাচও রয়েছে।

এছাড়া গুয়াডালাজারা ও মন্টেরেতে যৌথভাবে মার্চের শেষে বিশ্বকাপের প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে। এখান থেকে বিশ্বকাপের শেষ দুটি দলের যোগ্যতা নির্ধারিত হবে।

About bdpratinioto

Check Also

আইসিসির সিদ্ধান্তে আর কোনো পদক্ষেপে যাচ্ছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত মেনে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আর কোনো আইনি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *