ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশি চালান। এ সময় সিএনজির পিছনের সিটে বসা নুরুল আমিন (৫৪) নামে এক যাত্রীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজির সিটের পেছনে লুকানো দুটি কার্টুন থেকে ১২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালান কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নুরুল আমিন জানান, তিনি কক্সবাজার থেকে বিয়ার সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং জব্দকৃত মোবাইলের মূল্য ১ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ৩১ হাজার টাকা।
এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
Bangladesh Pratinioto news site