Most Recent Post
Home / বরিশাল বিভাগ / বরগুনায় আইন-শৃঙ্খলা সভা ও কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন

বরগুনায় আইন-শৃঙ্খলা সভা ও কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন

মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় অনুষ্ঠিত হয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা এবং “কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬” এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান। বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজনে জেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে জেলা শহর।দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম সহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, জননিরাপত্তা জোরদার এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে দুপুর ১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় বহুল প্রতীক্ষিত “কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬। ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

মেলা উদ্বোধনের পর প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। প্রদর্শনীতে আধুনিক কৃষিযন্ত্র, পুষ্টিকর খাদ্য উৎপাদন, নিরাপদ সবজি চাষ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ও কৃষি উদ্ভাবনের নানা দিক তুলে ধরা হয়।আলোচনা সভায় মাননীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি জেলা প্রশাসনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বরগুনা জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসকসহ সকল কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।
তিনি আরও বলেন,কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির উন্নয়নের কোনো বিকল্প নেই।

বক্তব্যে তিনি কৃষি উন্নয়নে কৃষক কার্ড চালু, কৃষিঋণ মওকুফ, খাল খনন এবং কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।তিনি কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কৃষিকে লাভজনক খাতে রূপান্তর করতে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণিকে এগিয়ে আসতে হবে।
দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ঘিরে জেলার কৃষকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *