সালাউদ্দিন আহমেদ ঢাকা প্রতিনিধি;
নবাবপুর দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মামুন আহাম্মেদ-এর বিরুদ্ধে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত “মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর” সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২/০৫/২৬ নবাবপুরে সমিতির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবাবপুর দোকান মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুল হক সহিদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি একটি অনলাইন পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি জনাব মামুন আহাম্মেদ-এর বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, “এই ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে শুধু একজন ব্যক্তির সম্মানহানি করা হয়নি, বরং নবাবপুরের ব্যবসায়ী সমাজের ভাবমূর্তিও ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা নবাবপুর দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
শহীদুল হক সহিদ বলেন, নবাবপুর দোকান মালিক সমিতি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সমিতির ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি সংশ্লিষ্ট অনলাইন পত্রিকাকে অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হলে নবাবপুর দোকান মালিক সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। তারা দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
Bangladesh Pratinioto news site