শেখ নিয়াজ মোহাম্মদ ;নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ০৫ জুন রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় মেসার্স একতা ট্রেডার্স-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নান-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাস-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মকবুল আহম্মদ।
ডিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১৫০ (এক শত পঞ্চাশ) গ্রাম, জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নান জানান,
নারায়ণগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও মাদকের বিস্তার রোধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Bangladesh Pratinioto news site