Most Recent Post
Home / সিলেট বিভাগ / মৌলভীবাজারে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি,মৌলভীবাজার :

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের তৎপরতায় একটি ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার, চুরি যাওয়া আলামত উদ্ধার এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাতে মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় স্বামী পরিত্যক্তা এক শ্রমজীবী নারী তার শিশু কন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনজন দুষ্কৃতিকারী কৌশলে ভাড়াটিয়া ঘরের দরজার সিটকানি বাইরে থেকে খুলে মুখোশ পরে ঘরে প্রবেশ করে। পরে তারা ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের মধ্যে দুইজন সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করে এবং অপর একজন তার ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি চৌকস তদন্ত দল তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঢাকা জেলার সাভার থানাধীন রাজাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌস নামে একজনকে এবং মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকা থেকে জয়নাল ওরফে কর্নাল নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, মামলার ঘটনায় চুরি যাওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ফেরদৌসের বিরুদ্ধে পূর্বে তিনটি চুরির মামলাসহ মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অপর এক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে এমন একটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটনকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে দেখছে।

 

About bdpratinioto

Check Also

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন

মোঃ মোয়াজ্জেম হোসেন মৌলভীবাজার প্রতিনিধি: আগামী ১৭ জুন ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ‘ফ্যামিলি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *