Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / এখন দেখি বিএনপি ভালো হয়ে গেছে: তথ্যমন্ত্রী

এখন দেখি বিএনপি ভালো হয়ে গেছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মার্কিন ভিসানীতি ঘোষণার পর বিএনপি অনেক উদ্বেলিত হয়েছিল। এখন দেখি বিএনপি ভালো হয়ে গেছে, তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তারা পুলিশের ওপর আগের মতো হামলা করার সাহস পাচ্ছে না। বিএনপির আশা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলবে। কিন্তু এনিয়ে তারা টু শব্দটি করেনি। এজন্য তারা হতাশ হয়ে গেছে।’

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’র আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশের পরিস্থিতি ঘোলাটে করে মাছ শিকারের আগ্রহে সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সারাদেশে নানা কর্মসূচি পালন করছে। কয়দিন আগে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় তারুণ্যের সমাবেশ করেছে তারা। খুলনা শহরেও সমাবেশ করেছে দলটি। আমি দেখলাম সেখানে অংশ নেওয়া সবাই ৫০ ও ৬০ বছর বয়সের তরুণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি তারুণ্যের ডেফিনেশনটা কি একটু বলতেন, তাহলে ভালো হতো।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। আজকেও তারা বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা। আওয়ামী লীগ গণমানুষ থেকে গড়ে ওঠা রাজপথের দল, আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত প্রতিকূলতার মধ্যে উজান ঠেলে এগিয়ে যাওয়ার দল। আমরা রাজপথে আছি, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। শেখ হাসিনাকে টানা পঞ্চমবারের মত প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে তারপর আমরা ঘরে ফিরে যাব।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের দলেরও বৈঠক হয়েছে, তথ্যমন্ত্রী হিসেবে আমার সঙ্গে ব্যক্তিগতভাবেও বৈঠক হয়েছে। তারা বলেছেন, আমরা বাংলাদেশের সংবিধান ও আইন কানুন মেনেই এখানে যাতে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয় সেটিই দেখতে চাই। তারা তত্ত্বাবধায়ক কিংবা নির্বাচনকালীন সরকার এসব কোন কিছুর কথা বলেনি। আমাদের দেশ চলবে আমাদের সংবিধান ও আমাদের আইন অনুযায়ী। কারো প্রেসক্রিপশনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ চলবে না।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয় তখন পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধানকে দিয়ে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে দিয়েও ফোন করিয়েছিল এই বিচার বন্ধ করার জন্য। বিচার বন্ধ হয়নি, ফাঁসির রায় কার্যকর হয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি চেষ্ঠা করবে গন্ডগোল লাগানোর জন্য, সেই সুযোগ আমরা তাদেরকে দেব না। তবে কেউ রক্তচক্ষু দেখালে আওয়ামী লীগ জানে কি করতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। বিএনপির মির্জা ফখরুল সাহেব কয়দিন পরপর চট্টগ্রামে আসছেন, এখানে এসে লাভ নেই। যদি বাড়াবাড়ি করেন আপনাদের আন্দোলন বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে।’

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের ওপর কালিমা লেপনের উদ্দেশ্যে একজন প্রার্থী হিরো আলমের উপর হামলা করা হয়েছে। যারা হামলা করেছেন তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সেটি নিয়েও অনেকের কত মাতামাতি। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এটি করেছেন। এটির আমরা নিন্দা জানাই। তবে, অনেকে ঘুরে ঘুরে নির্বাচন করেন নির্বাচিত হওয়ার জন্য নয়, নির্বাচন করে প্রচার পাওয়া এবং ঘটনাকে প্রমোট করার জন্য। যাতে আরো বেশি প্রচার পাওয়া যায়। সেটিও মাথায় রাখতে হবে।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, নোমান আল মাহমুদ এমপি, মহানগর আওয়ামী লীগ নেতা ইফতেখার সাইমুল চৌধুরী, সফর আলী, আলতাফ হোসেন বাচ্চু, চট্টগ্রাম -১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু প্রমুখ।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *