বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বনদস্যুদের অবাধে গাছ কাটার মহোৎসব। এতে দিনে দিনে কমছে দক্ষিণ উপকূলের সংরক্ষিত বনাঞ্চল।
পরিবেশবাদীদের হিসেব অনুযায়ী, বছরে সুন্দরবনের আদলে সৃষ্ট বরগুনার তালতলীর টেংরাগীরি ও পাথরঘাটার হরিনঘাটা বনাঞ্চলের প্রায় ৮০ হাজার বড় গাছ কেটে নিয়ে যায় বনদস্যুরা। আর নদী ভাঙন ও ঘূর্ণিঝড়ে যে পরিমাণ গাছ নষ্ট হয়- তার হিসেব করাই কঠিন। এতে ক্রমশ কমছে গাছ আর আয়তনে ছোট হচ্ছে বনাঞ্চলগুলো। বিশেষজ্ঞরা বলছেন, এসব বন রক্ষা করতে না পারলে চরম বিপর্যয়ের মুখে পড়বে দক্ষিণাঞ্চল।

টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে দেখা যায়, বনের ভিতর থেকে বড় বড় সুন্দরি, কেওড়া, গেওয়া গাছসহ নানান প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। বনের দক্ষিণ ও পশ্চিম অংশের তীব্র ভাঙনে অনেক গাছ পড়ে আছে। বনটি সংরক্ষিত হওয়ার কারণে বন বিভাগের অনুমতি ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষেধ হলেও বনের মধ্যে অবাধে চলাচল করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা, তাজুল চৌকিদার, হাইরাজ মাঝি রাইজিংবিডিকে বলেন, ঘূর্ণিঝড় থেকে এই বনাঞ্চল রক্ষা করে আমাদের। দিনের পর দিন এসব বন ছোটো হয়ে আসছে। ভাঙনরোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা।
পরিবেশ বাঁচাও আন্দোলনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিক আরিফ রাইজিংবিডিকে বলেন, একদিকে সাগরের তীব্র ভাঙন আর অন্যদিকে বনদস্যুদের অবাধে গাছ কাটার কারণে উপকূলীয় এলাকার বনের অস্তিত্ব এখন হুমকির মুখে। আর এ দায় বন বিভাগের এড়ানোর সুযোগ নেই। বছরে এসব বন থেকে প্রায় ৮০ হাজার গাছ কেটে নিয়ে যায় দস্যুরা।

উপকূলীয় এলাকার সংরক্ষিত বন রক্ষা কমিটির সভাপতি হাছান ঝন্টু রাইজিংবিডিকে বলেন, বন বিভাগের অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা বনদস্যুদের কাছে বনের গাছ বিক্রি করে দিচ্ছেন স্বল্প মূল্যে। যার একাধিক প্রমাণ রয়েছে সাধারণ জনগণের কাছেও। এমনকি সংরক্ষিত বনের গাছ বিক্রি করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কয়েকজন বনরক্ষীও।
এ বিষয়ে বরগুনা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধান সৈয়দ শাহ আলম রাইজিংবিডিকে বলেন, সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়ায় সমুদ্রের পানির সঙ্গে পলিমাটি যুক্ত জোয়ারের পানি প্রবেশ করছে বনের মধ্যে। তাই ম্যানগ্রোভ প্রজাতির গাছের শ্বাসমূল দীর্ঘ সময় ঢেকে থাকার কারণে অনেক গাছ মারা যাওয়ায় ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। এই বিশেষজ্ঞ মনে করেন, দ্রুত ব্যবস্থা না নিলে চরম মূল্য দিতে হবে। যা পরিবেশের জন্য খুবই ভয়াবহ হবে।
বন বিভাগ বরগুনা সদর রেঞ্জের কর্মকর্তা মতিয়ার রহমান রাইজিংবিডিকে বলেন, ভাঙন কবলিত এলাকায় নতুন করে বনায়ন করে শেল্টার বেল্ট তৈরি করে ভাঙন রোধ করা হবে। এছাড়া নতুন করে কিছু চরাঞ্চলে বনায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। উপকূল রক্ষায় নতুন কৌশলের কথাও ভাবছেন তারা।
Bangladesh Pratinioto news site