যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের একটি হাইস্কুলে এক কিশোরের (১৫) গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট জন ।স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলাকারী ওই কিশোরকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল নিয়ে গুলিবর্ষণ শুরু করার পর দ্রুতই তাকে আটক করা হয়।
আহতদের মধ্যে একজন শিক্ষক আর বাকি সবাই স্থানীয় অক্সফোর্ড হাইস্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছে অকল্যান্ড কাউন্টি শেরিফের দপ্তর। আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্কুলটি ডেটরয়েট শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে মিশিগানের অক্সফোর্ড এলাকায় অবস্থিত।
মারা যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে ১৪ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী এবং ১৬ বছরের এক কিশোর রয়েছেন। আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল। বাকি দুজনের অস্ত্রোপচার হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ আসার পর হামলাকারী কিশোর মিনিট পাঁচেক লুকিয়ে ছিল। তবে সে নিজে থেকে আত্মসমর্পণ করেছে। তাকে আটক করতে গুলি করার প্রয়োজন হয়নি।
তবে কর্মকর্তারা জানান, গুলিবর্ষণকারী ওই কিশোরের সঠিক উদ্দেশ্য কি তা জানা যায়নি।
Bangladesh Pratinioto news site