অনলাইন ডেস্ক:
রোহিঙ্গা ক্যাম্পে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আটজন।শনিবার (৪ ডিসেম্বর) রাত উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে হত্যাকারী মো. আনোয়ার সাদেক ও তার সহযোগী হারেসুর রহমানকে গ্রেফতার করে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বর মো. ইদ্রিসের সঙ্গে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্কের জের ধরে চারদিন পূর্বে কনে খালেদা বিবি একই ব্লকের মো. ইদ্রিসের বাসায় চলে যায়। পরে বরের পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়ে কনে পক্ষ মেনে নেয়নি। এমতাবস্থায় বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনেপক্ষ ক্ষিপ্ত হয়ে বরপক্ষের ওপর হামলা চালায়। এতে নিহত হন বরের চাচা মোহাম্মদ বেলাল।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘটনার পর ক্যাম্পের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
Bangladesh Pratinioto news site