শিগগিরই স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার জন্য সারাদেশে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। রোববার (১৩ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফল গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম চালু ছিল। কিন্তু তারা সরাসরি ক্লাস করার মূল আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। যখনই সংক্রমণ একটু কমে এলো আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলাম। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর থেকে সরাসরি শিক্ষা কার্যক্রম চালু করা হয়। দুর্ভাগ্য হচ্ছে, ২০২২ সাল থেকে আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দেখা দিল। এতে দ্রুত সংক্রমণ বেড়ে যায়, মৃত্যুও বাড়তে থাকে। এ কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এখন একটু খারাপ সময় যাচ্ছে। ওমিক্রনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করি, এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।’
এর আগে বেলা সাড়ে ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পরীক্ষার ফল প্রকাশের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বোর্ডগুলোর কাছ থেকে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
Bangladesh Pratinioto news site