Most Recent Post
Home / Uncategorized / বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু

বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু

নিজস্ব প্রতিবেদক: কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিরাপত্তা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে বিজিএমইএ কমপ্লেক্সে একটি ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে।

সোমবার (৪ মে) ‘বিজিএমইএ মো. রিয়াজুদ্দিন ডে-কেয়ার সেন্টার’ নামে এই সেন্টারটি উদ্বোধন করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-এর সভাপতি মাহমুদ হাসান খান।

মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএর কর্মীরা আমাদের এই সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা ও বাবাদের সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে এই আধুনিক ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে আরও নিশ্চিন্তে ও মনোযোগের সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।

ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এবং শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।

উদ্বোধন শেষে সভাপতি ও বিজিএমইএ নেতারা ডে-কেয়ার সেন্টারের কক্ষ এবং শিশুদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন করেন। বিজিএমইএর কর্মকর্তা-কর্মচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অফিসের ভেতরেই এমন মানসম্মত ডে-কেয়ার সুবিধা তাদের কর্মজীবনে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল ও ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

About bdpratinioto

Check Also

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *