Most Recent Post
Home / সারাদেশ / উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার

উখিয়ায় বিজিবির দুই অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;কক্সবাজারের উখিয়া ও হোয়াইক্যং এলাকায় বিজিবির পৃথক দুই অভিযানে ৪৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা।

বিজিবি জানায়, সোমবার (১৮ মে) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে উখিয়া ৬৪ বিজিবির সদস্যরা তল্লাশি চালান। এসময় নারকোটিক্স ডগ “হেনরী” সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান দেয়। পরে সেখান থেকে ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় টেকনাফ উপজেলার নাইটংপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) নামে এক সিএনজি চালককে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, ইয়াবাগুলো টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

অন্যদিকে মঙ্গলবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় মিয়ানমার থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ওই পোটলা তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *