কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী আমানগন্ডা এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহলদলটি সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সপুয়া বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে মো. ফাহাদ মিয়ার মালিকানাধীন একটি ফার্নিচার দোকানের পেছনের বাথরুমে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে চৌদ্দগ্রাম থানা-এ হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে পলাতক আসামি মো. ফাহাদ মিয়া (২৮), পিতা মো. কামাল মিয়া, গ্রাম নোয়াপুর, থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
স্থানীয় এলাকাবাসীর মতে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তবে বিজিবির নিয়মিত টহল ও অভিযান পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসনও মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
Bangladesh Pratinioto news site