সোহরাব বরগুনা প্রতিনিধি:মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়েছে এক বৃহৎ জনসচেতনতামূলক সভা। শনিবার (২৩ মে) বিকেল ৩টায় আমতলী উপজেলার ৬নং আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রায় ৪০০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী,
সভায় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার প্রসার ছাড়া এসব অপরাধ নির্মূল সম্ভব নয়। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে হবে।”
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ জোরদার, পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত নিরাপদ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ২৩-৫-২৬ ইং
Bangladesh Pratinioto news site