পটিয়ায় মুরগির খামারে হামলার অভিযোগ, ৪ শ্রমিক আহত
Posted By :
bdpratinioto
জুন ১১, ২০২৬
চট্টগ্রাম বিভাগ, সারাদেশ
16 Views
আকতার হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় একটি মুরগির খামারে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পাতিলা পাড়া এলাকায় অবস্থিত সিটি এগ্রো বেইসড নামীয় মুরগির খামারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে খামারে কর্মরত সাদ্দাম হোসেন, মো. রায়হান, মো. আরফাত ও সজীব বাবু কাজ করছিলেন। এ সময় আহাদ প্রকাশ লাদেন ও ফরহাদসহ কয়েকজন খামারে প্রবেশ করে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা শ্রমিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলায় মো. রায়হান গুরুতর আহত হন। তার মাথা, মুখ, নাক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এছাড়া তার পকেট থেকে নগদ ৪ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উল্লেখ করা হয়েছে। রায়হানকে উদ্ধার করতে গেলে সাদ্দাম, আরফাত ও সজীবকেও মারধর করা হয়। সাদ্দাম হোসেনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগও উত্থাপন করা হয়েছে অভিযোগে। আহতদের মধ্যে মো. রায়হানকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সাদ্দাম হোসেন পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, লিখিত অভিযোগ পেলে বা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০২৬-০৬-১১