লাখাইয়ের মাদ্রাসাছাত্রী অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার, ভিকটিম উদ্ধার
Posted By :
bdpratinioto
জুন ১২, ২০২৬
কুমিল্লা বিভাগ, সারাদেশ
54 Views
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ভিকটিমকে।
র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার মনোগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আফজল মিয়া (২২) কে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লা এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, লাখাই উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী গত ২১ এপ্রিল নিয়মিত ক্লাসে গেলেও দুপুরে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা জানতে পারেন, অভিযুক্ত আফজল মিয়া কৌশলে তাকে অপহরণ করে নিয়ে গেছে।
অভিযোগ রয়েছে, অপহরণের পর ভিকটিমকে কুমিল্লা রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বাসায় আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়। ভিকটিম ফোনে পরিবারের সদস্যদের কাছে কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় ভিকটিমের বাবা লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে অবশেষে অভিযুক্তকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
২০২৬-০৬-১২