মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি, আইন-শৃঙ্খলা সভায় কঠোর নির্দেশনা জেলা প্রশাসকের সোহরাব বরগুনা:
Posted By :
bdpratinioto
জুন ১৪, ২০২৬
সারাদেশ
14 Views
সোহরাব বরগুনা
বরগুনায় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রবিবার (১৪ জুন ২০২৬) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধিসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।সভায় মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
এ সময় নদীপথ ও উপকূলীয় এলাকায় মাদকের অনুপ্রবেশ রোধে নজরদারি বৃদ্ধি, মাদক কারবারিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জন প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের অবস্থান হবে জিরো টলারেন্স।
সভায় যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনতামূলক প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও বেগবান করতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সকল সরকারি দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ বরগুনা গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
২০২৬-০৬-১৪