সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্য গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Posted By :
bdpratinioto
জুন ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ
4 Views
বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলে ব্যবহৃত পোস্টার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইনের তত্ত্বাবধানে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গত ২৬ জুন ২০২৬, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপ সংলগ্ন এলাকায় এসআই (নিরস্ত্র) মো. শাহ আলম ও এসআই (নিরস্ত্র) মো. তারেক সুমনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৬ জন এবং আইন-সংঘাতে জড়িত ৬ জন শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ জন ছাড়াও এজাহারভুক্ত আরও ৪০ জন এবং অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, উসকানিমূলক মিছিল কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
২০২৬-০৬-২৮