শীলখালী চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
Posted By :
bdpratinioto
জুলাই ১৪, ২০২৬
সারাদেশ
56 Views
মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ:
কক্সবাজারের উখিয়ার শীলখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে মোটরসাইকেলে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ৪৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর শীলখালী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক। আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের মো. রশিদ আহমদের ছেলে মো. আমান উল্লাহ (২০) এবং আব্দুস সালামের ছেলে নাজিম উদ্দিন (২০)।
বিজিবি জানায়, টেকনাফ থেকে শাপলাপুরগামী একটি মোটরসাইকেল শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং নারকোটিক্স শনাক্তকারী বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘হেনরি’-এর সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা আটটি মিনি কাট থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে শাপলাপুরে নিয়ে যাচ্ছিলেন।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদকের সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত
চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।
২০২৬-০৭-১৪