র্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার
Posted By :
bdpratinioto
জুলাই ২৩, ২০২৬
সারাদেশ, সিলেট বিভাগ
33 Views
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা, ডাকাতি-চুরি ও মাদকসহ ২০টি মামলার আসামি সৈয়দ লাল মিয়া (৩৫)সহ মোট সাতজন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৯। বুধবার (২২ জুলাই) র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ মে হবিগঞ্জের বাহুবল উপজেলার ইজ্জতনগরে আশা এনজিওর মিরপুর শাখা কার্যালয়ে ৫-৬ জন মুখোশধারী ডাকাত কর্মচারীদের জিম্মি করে অফিসের সিন্দুক ও কর্মচারীদের কাছ থেকে মোট ৪৯ হাজার ৫৪৭ টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বাহুবল মডেল থানায় মামলা দায়েরের পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গত ২১ জুলাই বাহুবলের চেরাগআলী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ডাকাত চক্রের মূলহোতা সৈয়দ লাল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতা ও মাদকসহ ২০টি মামলা রয়েছে।

এর আগে একই মামলায় গত ১৯ জুলাই নবীগঞ্জের আউশকান্দি টোলপ্লাজা এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করে র্যাব। অন্যদিকে, মাধবপুর থানার একটি ডাকাতি মামলার তদন্তে পলাতক দুই আসামি রাসেল মিয়া (৩৯) ও শিপন মিয়া (২৫)-কে পৃথক অভিযানে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং ও মাধবপুরের জগদীশপুর এলাকা থেকে।

র্যাব-৯ এবং মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
২০২৬-০৭-২৩