বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক আটক
Posted By :
bdpratinioto
জুলাই ৩০, ২০২৬
নারায়ণগঞ্জ
24 Views
শেখ নিয়াজ মোহাম্মদ নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ রাজু (২৫) নামে এক যুবককে আটক করেছে কাঁচপুর নৌ পুলিশ। এ সময় তার ৫-৬ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে বন্দর থানার সোনাচর এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে আইজুদ্দিনের পরিত্যক্ত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রাজুকে আটক করা হলেও তার সহযোগী স্বপন, হৃদয়, মামুন, খোকনসহ অজ্ঞাত আরও ৫-৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়।আটক রাজুর দখল থেকে একটি দা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা ডাকাতির প্রস্তুতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
এ বিষয়ে কাঁচপুর নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম খান দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পালিয়ে যাওয়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২০২৬-০৭-৩০