শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের পাশে একটি শপিং ব্যাগ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে রাত্রিকালীন টহল ডিউটির সময় গোপন তথ্যের ভিত্তিতে আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে একটি লাল রঙের সন্দেহজনক শপিং ব্যাগ পড়ে থাকার খবর পায় টহল দল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে শপিং ব্যাগের ভেতর থেকে থানা থেকে লুট হওয়া শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১ এর ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Bangladesh Pratinioto news site